Sunday, June 25, 2017

রথযাত্রা

আজ রথ যাত্রা । আমার শৈশব ও কিশোর বয়সের রথযাত্রার অনেক স্মৃতি আজ মনের মধ্যে ভিড় করেছে । দুর্গাপুরের সবথেকে বড় রথযাত্রার মেলা বসে চিত্রালয় ময়দানে । এছাড়া আমি যেখানে থাকতাম, MAMC Township সংলগ্ন এলাকায় জগন্নাথ মন্দির প্রাঙ্গনে একটা ছোটো-খাটো মেলা বসত। এই দিন্টা আসলেই সকাল থেকে একটা আলাদা উদ্দীপনা মনের ভেতর থাকত - কখন মেলা যাব । খুব ছোটো বেলায়, যখন ফুলঝোর গ্রামে থাকতাম, তখন আমার পাশের পাড়ার জেঠিমা , দিদিদের সাথে জগন্নাথ মন্দিরে রথযাত্রার দিন মেলা দেখতে জেতাম । দিদিদের মধ্যে থাকত লাভলি দি, মনি দি, শম্পা দি । মা আমার হাতে টাকা গুঁজে দিলেও ও টাকা খরচ হত না । মেলা থেকে কখনো কাঠের রথ, কখনো বা স্প্রিং দেওয়া মাথা ওয়ালা বুড়ো কিনে আনতাম । এছাড়া পাপড় ভাজা,  জিলিপি তো বরাদ্দ থাকত যা ওই মেলাতেই খেয়ে ফেলতাম । চিত্রালয় মেলা অনেকদিন ধরে থাকত । বাবার স্কুটারে চেপে, আমি আর দাদা চিত্রালয় মেলাতেও যেতাম । বাবা ঐ মেলার বুকস্টল থেকে প্রতিবার কিছু না কিছু বই কিনে দতেন । কখনো M.K Sen এর grammar, কখনো magic colour book - জল দিয়ে তুলির টান দিলেই রঙ হয়ে যেত, আবার কখনো বা অঙ্ক নিয়ে মজা । 

চিত্রালয় মেলায় প্রতিবার বাঊল গানের আসর বসত । একবার বাংলাদেশ থেকে ছোটো মামা বেড়াতে এসেছিলেন । আমি আর দাদা ওনার সাথে মেলা গিয়ে তিনজন দাঁড়িয়ে বাঊল গান শুনছি, তো কোনো এক সময় আমি একটু সামনে এগিয়ে গেছিলাম আর মামাদের সঙ্গ ছাড়া হয়ে হারিয়ে গেছিলাম । অনেক খোজাখূজির পর ওনারা আমাকে মেলা অফিসে পেয়েছিলেন । আমাকে একা ঘোরাঘুরি করতে দেখে এক ভদ্রলোক মেলা অফিসে জমা করেছিলেন। 

একটু বড় হতে বন্ধুদের সাথে মেলা যেতাম । দীপক (সাহা), নিশীথ (গাঙ্গুলি), অমিত (জাসু), শিবু (শিবাশীষ পাল) এরা আমার সঙ্গী ছিল । MAMC বাস এ প্রচুর ভিড় হত । সেটার সুযোগ নিয়ে বাসের ভাড়া বাঁচানো তখন লক্ষ্য থাকত। আবার মোগলাই পরোটার দোকানে তিন জনের দাম দিয়ে ছয়জনও খেয়েছি কখনো । কিছু অপরাধবোধ থাকলেও মজা ছিল ঢের বেশি । 

তখন ফার্স্ট ইয়ার এ পড়ি । আমি আর শিবু আমার সিলভার প্লাস মোপেড নিয়ে মেলা থেকে ফিরছি । এমন সময় clutch এর তার ছিঁড়ে যায় । তারপর অগত্যা ওই অবস্থাতেই কোনোমতে গাড়ি চালিয়ে বাড়ি ফেরা । 

২০০৬ সালের পর রথের মেলায় আর যাওয়া হয়নি । হয়ত এখনো ঐ ভাবেই মেলা বসে, ঐ দোকানগুলোই আছে অথবা অন্য কোনো দোকান ।আমাদের জায়গা নিয়েছে অন্য কোনো ছেলের দল । এইভাবেই সময় এগিয়ে যায়, রেখে যায় স্মৃতি । 

2 comments:

  1. Khub sundor lekha. Ekbar somoi kore abar Rath-Yatra-r din sei mela theke ghure eso. Bhalo lagbe

    ReplyDelete
    Replies
    1. তোমার ভালো লেগেছে জেনে খুশি হলাম। এখন ছুটি পাওয়া যায় না। তবে পুরনো বন্ধুদের নিয়ে একবার অন্তত যাওয়ার ইচ্ছে আছে।

      Delete